নভেম্বর ৬, ২০২৫, ০৭:৪৮ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের ধাওয়া মাঝিয়ান রূপসীপাড়া এলাকায় সালমান হোসেন স্বাধীন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বাধীন ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির ঘরের কোণে স্বাধীনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি বাউলগানের অনুষ্ঠান শেষে স্বাধীন বাড়িতে ফেরেন। এরপর তার ছোট ভাই বাড়ির দরজায় এসে ডাকাডাকি করলে পিতা আশরাফুল ইসলাম অপরদিকের ছোট দরজা দিয়ে ভেতরে আসতে বলেন। পরে ঘরের কোণে গিয়ে স্বাধীনকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা স্বাধীনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "লাশটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে একটি জিডি মূলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন