রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধস: আহত ১ শ্রমিক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৮:১৮ পিএম

বীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধস: আহত ১ শ্রমিক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই চলাকালে ছাদ ধসে মো. জুয়েল হাবিব (২২) নামে একজন শ্রমিক আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ১৪ হাত বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের সাইদুর রহমানের ছেলে আহসান হাবিব শামীমের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন একদল শ্রমিক। ঢালাই চলাকালীন সময়ে দুপুর আনুমানিক ১টায় হঠাৎ করে ছাদ ধসে পড়ে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।বীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানান, অভিযানে আশঙ্কাজনক অবস্থায় মো. জুয়েল হাবিব নামে একজন আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, নির্মাণ কাজে ত্রুটি বা কাঠামোগত দুর্বলতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে অনেকে মনে করছেন; তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হবে।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।