সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
সামাজিক সুরক্ষা

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

অক্টোবর ১২, ২০২৬, ০৪:৫৩ পিএম

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রস্তুতি নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা পরিষদের ইছামতি সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মূল লক্ষ্য ও তথ্য সংগ্রহের নানা কৌশল বিস্তারিত আলোচনা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে কীভাবে মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য নেওয়া হবে, তা সভায় নির্ধারণ করা হয়েছে।

প্রকৃত উপকারভোগী চিহ্নিত করাই মূল লক্ষ্য।

প্রশাসন জানায়, তালিকায় যেন কোনো ধরনের অনিয়ম না হয় এবং যোগ্য ব্যক্তিরা যেন তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি থাকলে সরকারি সহায়তা পৌঁছানো কঠিন হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্তব্য করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে এই কার্যক্রমের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাজের পরিধি ও করণীয় স্পষ্ট করা হয়।

আলোচনা পর্ব শেষে মাঠে কাজ করার সুবিধার্থে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র তুলে দেন অতিথিরা।