সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১০:৪১ পিএম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক ভরি ভালো মানের বা ২২ ক্যারেটের সোনায় এক ধাক্কায় ৫ হাজার ৫১৯ টাকা পর্যন্ত দাম কমেছে। এই দাম কমার ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায়।

আগামীকাল রবিবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের মূল্য কমার এই তথ্য নিশ্চিত করেছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৮০১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৭১৮ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও এই দফায় রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম থাকবে চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি প্রতি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি প্রতি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।