সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫ ব্যাংক একীভূতকরণে বিকল্প ছিল না: গভর্নর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১২:০৩ পিএম

৫ ব্যাংক একীভূতকরণে বিকল্প ছিল না: গভর্নর

আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো স্বচ্ছতা।

বিনিয়োগকারী, ডিপজিটর এবং কর্মকর্তাদেরসহ সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তটি ছিল অনিবার্য।

এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। তিনি আশা প্রকাশ করে বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে এই একীভূতকরণের প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।

এই একীভূতকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে। নতুন এই ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে নিযুক্ত করা হয়েছে।