সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

কৃষকের কাছ থেকে ৭ লাখ টন ধান-চাল কিনছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৬:২২ পিএম

কৃষকের কাছ থেকে ৭ লাখ টন ধান-চাল কিনছে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবার সারাদেশে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি জানান, আসন্ন নির্বাচনের আগেই ফেব্রুয়ারির মধ্যে এই সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে এবং সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।

বর্তমান সরকার এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, যার ফলস্বরূপ ধান-চালের দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। আজ থেকে আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে এবং এটি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা এবং প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

আলী ইমাম মজুমদার আরও বলেন, আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো, যা এখন বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে। সহায়তার মেয়াদও আগের ৫ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, এই কর্মসূচি অব্যাহত রাখা হবে এবং অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে, তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে। এর মাধ্যমে দেশের খাদ্য সরবরাহ চেইন শক্তিশালী হবে এবং বাজার স্থিতিশীলতা বজায় থাকবে বলে তিনি জানান।