রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

রমজানে খেজুরের দাম কমাতে চায় সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

রমজানে খেজুরের দাম কমাতে চায় সরকার

পবিত্র রমজান মাসে খেজুরকে অপরিহার্য পণ্য হিসেবে বিবেচনা করা হয়। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খেজুরের দাম কমাতে চাচ্ছে সরকার। এ লক্ষ্যে আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এনবিআর জানিয়েছে, বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, রমজানে খেজুরের মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা প্রয়োজন।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় নিম্নোক্ত সুবিধাগুলো চালুর প্রস্তাব করেছে:

আমদানি শুল্ক: ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।

উৎসে করহার: ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা।

নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি): সম্পূর্ণ প্রত্যাহার করা।

এনবিআর সূত্র বলছে, ২০২৫-২৬ অর্থবছরে সব ধরনের খেজুর আমদানিতে সব মিলিয়ে প্রায় ৬৪ শতাংশ শুল্ক-কর রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এই সুবিধা আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বার্ষিক খেজুরের চাহিদা রয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০-৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে এই খেজুর আমদানি করা হয়।

উল্লেখ্য, গত বছরও রোজা শুরুর তিন মাস আগে খেজুরের শুল্ক-কর কমাতে একই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার ফলে আমদানিতে খরচ কমে আসায় বাজারে খেজুরের দাম স্থিতিশীল ছিল।