ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকার তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক জরুরি নোটিশে এ পরামর্শ দেওয়া হয়।
বিজিএমইএ জানিয়েছে, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের ফেরা উপলক্ষে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রপ্তানি পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে।
মালিকদের প্রতি বিজিএমইএ’র মূল পরামর্শসমূহ:
বিকল্প ছুটি: সার্বিক পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে অন্য কোনো দিন কাজ করানোর শর্তে ওইদিন কারখানা ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
পণ্য পরিবহন: জরুরি আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের ক্ষেত্রে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।নিরাপত্তা ও জনজট: বিশাল জনসমাগমের কারণে কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের যাতায়াত ঝুঁকি এড়াতে মালিকদের নিজ নিজ অবস্থান থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে দেশের প্রধান রপ্তানি খাতের সরবরাহ চেইন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই আগাম সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন