ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০৩ পিএম
ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অর্ধেক কমেছে। মাত্র চার দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে প্রায় ৪০ টাকা। বর্তমানে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত শনিবারও ছিল ৭০ থেকে ৭৫ টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। চার দিন আগে ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
সাধারণ ক্রেতারা জানান, পেঁয়াজের দাম কমায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। লুৎফর রহমান নামের এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ১০০ টাকার কাছাকাছি ছিল। আজ খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলাম। দাম কমায় আমাদের অনেক উপকার হলো।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ট্রাক বন্দরে আসছে। আমদানির চাপ বেশি থাকায় দাম দ্রুত কমছে। আমদানি যদি এভাবেই স্বাভাবিক থাকে, তবে সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন