এপ্রিল ৩, ২০২৬, ১০:৪১ পিএম
বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে বরং দেশের স্বার্থে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আমরা যদি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সাশ্রয়ী হতে পারি, তবে দীর্ঘ সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শুক্রবার বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি সাশ্রয় করা গেলে বিদেশ থেকে আমদানির পরিমাণ কমবে, যার ফলে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।জ্বালানি সংকটের এই আপদকালীন সময়ে স্বাভাবিকতা বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে যে পরিবর্তন আনা হচ্ছে, সেটিকে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন মন্ত্রী।
তাঁর ভাষ্যমতে, সন্ধ্যা ছয়টার পর থেকে বিদ্যুৎ ব্যবহারের পিক আওয়ার শুরু হয়। এই সময়ে যদি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সচেতনভাবে বিদ্যুৎ সাশ্রয় করেন, তবে বাড়তি খরচ থেকে দেশ রক্ষা পাবে। বিশ্বের অনেক উন্নত দেশ দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য সময় পরিবর্তন করে থাকে, বাংলাদেশও এখন শৃঙ্খলা ও সচেতনতার পরিচয় দিয়ে সরকারি উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করবে।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে সৌদি আরবসহ যেসব দেশ থেকে গ্যাস আমদানি করা হয়, সেখানে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দামও স্থিতিশীল রাখা হবে। শিল্পের উৎপাদন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিল্প কারখানায় জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমার কোনো সম্ভাবনা নেই। শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং জ্বালানি মন্ত্রণালয় এ ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি রাখছে।
বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মন্ত্রী একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, জাপানের সাথে বাংলাদেশের একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি বর্তমানে পার্লামেন্টে পাসের অপেক্ষায় রয়েছে এবং এটি চূড়ান্ত হলে জাপানি বিনিয়োগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কয়েকটি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে সরকার।
এসব চুক্তি সম্পন্ন হলে বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ স্থানীয় শীর্ষ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন