এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা মন্দাভাব দেখা দিলেও উল্টো চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে বলে বাজুস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।সংগঠনটির নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের জন্য ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ rhet৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭ ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে পিওর গোল্ডের সরবরাহ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের দোহাই দিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে দাবি জুয়েলার্স মালিকদের।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার সম্ভাব্য অগ্রগতির খবরে বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭৯৮ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। অথচ দিনের শুরুতে ১৮ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল এই ধাতুর মূল্য। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৮২১ দশমিক ৩০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার একটি ইঙ্গিত বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা কিছুটা নজর সরিয়ে নিচ্ছেন, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে হঠাৎ এই মন্দা দেখা দিয়েছে। তবে একই সময় হরমুজ প্রণালি ঘিরে সরবরাহ উদ্বেগের কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তেলের এই দাম সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা বজায় রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তেলের দাম ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে আগামীতে স্বর্ণের বাজার আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন