এপ্রিল ১৮, ২০২৬, ০৭:২৩ পিএম
দেশের শিল্পখাতের জন্য কর্মসংস্থানমুখী দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব কাজের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এই বিশেষ কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানরা একত্রিত হয়ে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান। অনুষ্ঠানে মুনীর চৌধুরীর সভাপতিত্বে এবং মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রধান বক্তা রুমানা রশীদ।
সভায় উপস্থিত বক্তারা বর্তমান বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে আসেন। তাদের মতে দক্ষ জনশক্তিই হবে আগামী দিনে দেশের অর্থনীতি ও শিল্প বিকাশের মূল চালিকাশক্তি।
বিশেষজ্ঞরা এই সময় উল্লেখ করেন যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামটি তরুণদের কেবল সাধারণ প্রশিক্ষণই দিচ্ছে না বরং প্রশিক্ষিত এই জনবলকে সরাসরি শিল্পকারখানার কাজের সঙ্গে যুক্ত করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এটি দেশের বেকার সমস্যা সমাধানে এবং তৈরি পোশাক শিল্পের গুণগত মানোন্নয়নে দীর্ঘমেয়াদে বড় ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কর্মশালায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধানরা বর্তমান শিল্পখাতের দক্ষতার চাহিদা এবং ভবিষ্যতের কর্মসংস্থানের নতুন নতুন প্রবণতা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
নিয়োগদাতাদের পক্ষ থেকে জানানো হয় যে এ ধরনের নিয়মিত আয়োজন প্রশিক্ষণার্থী ও চাকরিদাতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে সহায়ক হবে। শিল্পের বাস্তব প্রয়োজনের সঙ্গে মিল রেখে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মান আরও উন্নত করার দাবি জানান তারা। এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের এই উদ্যোগটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার মাধ্যমে দেশের পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। শেষে অংশগ্রহণকারী এইচআর প্রধানদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন