বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০২:২৫ পিএম

আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

নতুন ৫ টাকার নোট

নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নতুন ৫ টাকার নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত এই কাগুজে মুদ্রা প্রচলনে আসছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হচ্ছে যা পরবর্তী সময়ে অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই সচল থাকবে।বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য থিমে নকশা করা নতুন এই নোটের আয়তন ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার এবং এর প্রধান রঙ হালকা গোলাপি।

 নোটটির সামনের অংশে বাম পাশে তারা মসজিদ ও ঢাকার চিত্র এবং মাঝের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা তুলে ধরা হয়েছে। পেছনের অংশে সাম্প্রতিক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিফলন হিসেবে গ্রাফিতি-২০২৪ এর নকশা যুক্ত রয়েছে। 

নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ৫ সংখ্যা এবং বাংলাদেশ সরকারের মনোগ্রামের জলছাপ ব্যবহার করা হয়েছে।বাম পাশে থাকা ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি আলোয় ধরলে দুই পাশ থেকেই স্পষ্ট দেখা যায়। এ ছাড়া নোটের সামনের গ্লিউইশ নকশার ওপর মাইক্রোপ্রিন্ট আকারে অনুভূমিকভাবে একাধিকবার ইংরেজি অক্ষরে বাংলাদেশ শব্দটি লেখা রয়েছে।

 

সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে যা মিরপুরে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে, তবে এই নমুনা মুদ্রাটি বাজারে কোনো লেনদেনে ব্যবহার করা যাবে না।