শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৪:২৭ পিএম

বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে প্রতিনিয়ত দৈনন্দিন খাদ্যতালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মাছ, মাংস ও ডিমের দাম বাড়ায় আমিষের চাহিদা মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে।বাজার ঘুরে দেখা যায়, সবজি থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম চড়া। একটি লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায় এবং টমেটোর কেজি ১৩০ টাকা।

মাংসের বাজারেও সাধারণ ক্রেতাদের কোনো স্বস্তি নেই। গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০ টাকা হওয়ায় অনেকেই তা কেনা কমিয়ে দিয়েছেন। অন্যদিকে কক বা সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩০০ টাকায় ঠেকেছে। বাধ্য হয়ে অনেক ক্রেতা শুধু মুরগির কলিজা বা গিলা কিনে বাড়ি ফিরছেন।মাছের বাজারেও একই অবস্থা বিরাজ করছে।

ইলিশ মাছের কেজি প্রায় ৩ হাজার টাকা হওয়ায় তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমিষের চাহিদা মেটাতে নিম্ন আয়ের মানুষ সাধারণত পাঙ্গাস মাছের ওপর নির্ভরশীল থাকলেও সেখানেও পড়েছে দামের প্রভাব। মাত্র দুই মাস আগে যে পাঙ্গাস মাছ ১৫০ টাকা কেজি বিক্রি হতো, তা এখন বেড়ে ২২০ টাকায় দাঁড়িয়েছে।এর পাশাপাশি বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ডিম। 

সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বন্যার কারণে অনেক পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ডিমের সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহের সংকটের পাশাপাশি ডিমের বাজারে কোনো সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত তদারকি প্রয়োজন।

ডিমে স্বস্তি না থাকলেও কাঁচামরিচ ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা থাকলেও বর্তমানে তা কমে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ২০০ টাকা কেজির কাঁচামরিচ এখন নেমে এসেছে ১০০ থেকে ১২০ টাকায়।এক পণ্যের দাম কমলেও অন্যটির দাম বাড়ার এই ধারাবাহিকতায় ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। বাজার দর দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে আগামীতে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।