নভেম্বর ১২, ২০২৫, ১১:৪৪ পিএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বান সত্ত্বেও গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ফিরে আসছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি ইউজিসি গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছে ফেরার আহ্বান জানিয়েছিল। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সেই আহ্বানে সাড়া দেননি এবং ইউজিসির ডাকা সভাতেও উপস্থিত হননি।
দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য বলেন, “আজ আমার একাধিক শিডিউল ছিল, তাই মিটিংয়ে যেতে পারিনি।
তাছাড়া আমাদের পক্ষে আর গুচ্ছে যাওয়া সম্ভব নয়। আমরা ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করে ফেলেছি এবং কার্যক্রম গুছিয়ে এনেছি।”তিনি আরও স্পষ্ট করেন যে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তারা বিষয়টি ইউজিসিকে আগেই জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও চারটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে ফেরার আহ্বান জানিয়েছিল ইউজিসি।
ভর্তি আবেদনের সময়সীমা ও ফি: এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবেদন শুরু: ২০ নভেম্বর দুপুর ১২টা।
আবেদন শেষ: ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি: ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য ১,০০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১,২০০ টাকা।
ভর্তি পরীক্ষার সময়সূচি: শুধুমাত্র ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর (বিকেল ৩টা থেকে ৪:৩০টা)।
‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)।
‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): ২৭ ডিসেম্বর (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)।
‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)।
‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন