রকিবুল হাসান মুন্না
নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহত্তর নোয়াখালী অঞ্চল (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম"-এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবন-৩ এর এআইএস বিভাগের গ্যালারি রুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান নির্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, শিক্ষার্থী উপদেষ্টা জাকের হোসেন পাশা, সাবেক সভাপতি আরমান হোসেন।
বর্তমান সভাপতি শাহরিয়ার জামান তানজিল এবং সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবি।স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবি নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীরা নেতৃত্বে ও ভালো কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে। নবীনদের মধ্যেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থী উপদেষ্টা জাকের হোসেন পাশা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সংস্কৃতি ও ভাষার ঐক্যের কথা তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার, পড়াশোনা ও দক্ষতা অর্জনের দিকে সমান গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি নতুনদের বিতর্কচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
শিক্ষক উপদেষ্টা প্রভাষক সাইফুল ইসলাম নবীনদের উদ্দেশ্যে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের। সরকার শিক্ষার্থীদের পেছনে বিপুল অর্থ ব্যয় করে, তাই দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রথম বর্ষ থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।সমাপনী বক্তব্যে সভাপতি শাহরিয়ার জামান তানজিল বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও দিকনির্দেশনায় সংগঠন সব সময় পাশে থাকবে।
তিনি নিজ নিজ ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনকেই মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করার পরামর্শ দেন।অনুষ্ঠান শেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং চড়ুইভাতির আয়োজন করা হয়। উল্লেখ্য, গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম ২০১৮ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠার পর থেকে বেরোবিতে বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।