রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনীতি নিষিদ্ধ বেরোবি ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজনীতি নিষিদ্ধ বেরোবি ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা

ছবি-দিনাজপুর টিভি

রাজনীতি নিষিদ্ধ ঘোষিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. জহির রায়হান।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেরোবি শাখার এই নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি মো. মাঈদুল ইসলাম বাপ্পি; সহ-সভাপতি মো. তুহিন রানা; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি; সাংগঠনিক সম্পাদক সজিব গাজী; দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন; প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি।উল্লেখ্য, চলতি বছরের ২৮ অক্টোবর বেরোবির ১০৮তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞার মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় বিশ্ববিদ্যালয়জুড়ে ফের আলোচনার ঝড় উঠেছে।বেরোবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন কমিটি বিষয়ে জানতে ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংগঠনিক ব্যস্ততার কথা উল্লেখ করে বক্তব্য দিতে অপারগতা জানান।অন্যদিকে, সদ্য সভাপতি হওয়া ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রকাশ করে লিখেন, "আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া।

তারেক রহমানসহ সকল বিপ্লবী ছাত্র-জনতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ। দায়িত্ব ও বিশ্বাসের মর্যাদা রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।"বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রুমানুল ইসলাম সামাজিক মাধ্যমে উপাচার্যকে উদ্দেশ করে লিখেছেন, "স্যার, সোজা আঙুলে ঘি ওঠে না! আপনাকে আবার তার প্রমাণ দেখালো ছাত্রদল। একাধিকবার বৈঠক হলেও কোনো পদক্ষেপ নেননি। এবার কী পদক্ষেপ নেবেন আমরা অপেক্ষায় আছি।"

এদিকে, নতুন কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধও দেখা দিয়েছে। শাখার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না ফেসবুকে অভিযোগ করেন, "ছাত্রলীগের কর্মী দিয়ে কমিটি! এ কেমন ছাত্রদল? এটি বেরোবি ছাত্রদলের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। কেন্দ্রীয় ছাত্রদলের এহেন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।"এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর মতামত জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।