বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইতিহাসের সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা বেরোবি শিক্ষার্থী পরিষদের আয়োজনে

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ৩০, ২০২৫, ০১:৪৯ পিএম

ইতিহাসের সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা বেরোবি শিক্ষার্থী পরিষদের আয়োজনে

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের সংগঠন 'বেরোবি শিক্ষার্থী পরিষদের' আয়োজনে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসের সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা। আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আহমাদুল হক আলবীর।

শহীদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হওয়া এই দৌড় রংপুর নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় দেড় হাজার প্রতিযোগী দৌড়ে অংশ নেন।

এই বিশাল অংশগ্রহণ রংপুর অঞ্চলে সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতার নতুন রেকর্ড সৃষ্টি করেছে।উদ্বোধনী বক্তব্যে সভাপতি আহমাদুল হক আলবীর বলেন,

"আজকের আয়োজন তরুণ সমাজকে সুস্থ দেহ-সুস্থ মন গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। 'চলো একসাথে হাঁটি, একসাথে গড়ি' এই প্রতিপাদ্যের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই—ব্যক্তি ও দেশের কল্যাণে সক্রিয় হতে হবে।" তিনি আরও জানান, দেড় হাজার তরুণের উচ্ছ্বসিত অংশগ্রহণ প্রমাণ করে নতুন প্রজন্ম ইতিবাচক, সচেতন এবং প্রাণবন্ত।প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মো. পারভেজ শেখ বলেন, "এত বড় আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে ভীষণ উচ্ছ্বসিত মনে হচ্ছে।

পড়াশোনার ব্যস্ততার মাঝে এমন আয়োজন আমাদের মনকে সতেজ করে। বেরোবি শিক্ষার্থী পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"আরেক অংশগ্রহণকারী মাহিম মুনতাসির বলেন, "দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আজ সত্যিই মনে হয়েছে তরুণদের শক্তি, উদ্দীপনা আর সম্ভাবনা কতটা বিশাল। হাজারো প্রতিযোগীর সঙ্গে একই পথে দৌড়ানো ছিল দারুণ এক অভিজ্ঞতা।"

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে টি-শার্ট ও সকালের নাস্তা প্রদান করা হয়। পাশাপাশি প্রথম ৮০ জনকে পদক দিয়ে সম্মানিত করা হয়েছে। তরুণদের ইতিবাচক অংশগ্রহণ আর সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া এই দৌড় প্রতিযোগিতা বেরোবি ক্যাম্পাসে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।