নভেম্বর ৩০, ২০২৫, ০৯:০৩ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর জন্য যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, তাদের দাবি ১১তম গ্রেডের সঙ্গে মন্ত্রণালয় সহমত পোষণ করে।
তিনি জানান, "শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।"আজ রোববার (৩০ নভেম্বর) ভোলার মনপুরা উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বেতন কমিশন গঠিত হয়েছে, সেখানেও এই দাবিটি লিখিতভাবে উত্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে অনবরত যোগাযোগ বহাল রাখা হচ্ছে।
তিনি শিক্ষকদের দাবিকে নিজেদের দাবি হিসেবে গ্রহণ করে কাজ করছেন বলে আশ্বস্ত করেন।তিনি শিক্ষকদের প্রতি বার্ষিক পরীক্ষা সামনে রেখে কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান:আমি আশা করি, শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবেন। কারণ সামনে বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় ছাত্রদের স্বার্থকে হুমকির মুখে ফেলানো ঠিক না।"তিনি আরও জানান, তিনি জানতে পেরেছেন ১১টি শিক্ষক সংগঠন পরীক্ষা সামনে রেখে আন্দোলন স্থগিত করেছেন। বাকি দু-একটি সংগঠনকেও অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে আসার অনুরোধ করেন তিনি।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, যে অঞ্চলগুলো দুর্গম, সেসব অঞ্চলের শিক্ষকদের প্রণোদনা দেওয়ার জন্য বিশেষ ভাতা চালু করা হবে। কিছু অঞ্চলে ইতোমধ্যে চালু রয়েছে, যেসব অঞ্চলে চালু নেই, সেগুলোও চালু করার চেষ্টা চলছে।এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন