ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৩৭ পিএম
বিনামূল্যের পাঠ্যবই বিতরণে দেশের সব মাদরাসা প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নেয়।
এবং পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জেলা, উপজেলা এবং থানা শিক্ষা অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সাধারণত বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার এই প্রক্রিয়া প্রতি বছরই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আসে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এনসিটিবি থেকে পাঠানো চিঠিতে দেওয়া নির্দেশনার আলোকে জেলা, উপজেলা এবং থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে স্পেসিফিকেশন বা নির্দিষ্ট মান অনুযায়ী পাঠ্যপুস্তক সঠিকভাবে বুঝে নিতে হবে। এরপর সেই বইগুলো দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সব মাদরাসা প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের এই নির্দেশনার উদ্দেশ্য হলো, বিতরণের সময় যেন কোনো প্রকার জটিলতা বা দীর্ঘসূত্রিতা সৃষ্টি না হয় এবং প্রতিটি শিক্ষার্থী যেন সঠিক সময়ে তাদের নতুন পাঠ্যবই হাতে পায়। এর মাধ্যমে শিক্ষাবর্ষের শুরু থেকেই যাতে পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন