ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতাদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, শিক্ষকরা অত্যন্ত কষ্টে আছেন এবং তারা সরকারের সাহায্য-সহযোগিতা ছাড়াই ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন।
আজ (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের বৈঠকে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
অবিলম্বে জাতীয়করণের দাবি
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ২০ জানুয়ারি গেজেট থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অবিলম্বে জাতীয়করণ করা উচিত।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের শিক্ষকগণ তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেয়েছেন ও নির্যাতিত হয়েছেন। শিক্ষকদের দাবি না মেনে তাদের উপর জুলুম-নির্যাতন চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তিনি সরকারের প্রতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষকদের আন্দোলনের প্রতি ইতোপূর্বেও সমর্থন জানিয়েছে, ভবিষ্যতেও তাদের দাবি আদায়ের ব্যাপারে সহযোগিতা অব্যাহত থাকবে।
জাতীয় শিক্ষক ফোরামের সমর্থন
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন খান অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যের সাথে এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাদের দাবি আদায়ের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মতিউর রহমান, মো. মোহসীন, মো. আব্দুল আলিম, মো. নিজামউদ্দিন, মো. বশীর আহম্মেদ, মো. সোহেল রানা, মো. জুয়েল মণ্ডল, মোসা. কামরুন্নাহার নুপুর ও মোসা. রাজিয়া সুলতানা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন