রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অস্ত্র নয়, ব্যালটেই ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

অস্ত্র নয়, ব্যালটেই ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের একমাত্র পথ হলো ব্যালট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ‘দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ’ হিসেবে আখ্যায়িত করে জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "এক সময় পরিবর্তনের জন্য অস্ত্রের ব্যবহার হতো, কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ভোটের মাধ্যমেই আমূল পরিবর্তন আনা সম্ভব। তাই আমাদের সংগ্রাম এখন অস্ত্রের নয়, বরং ব্যালটের। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও অবিচার থেকে মুক্তি পেতে হলে আদর্শবান ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। 

জামায়াতে ইসলামী সেই ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি জনগণ সঠিক প্রার্থী নির্বাচিত করতে পারেন, তবেই আগামী ১২ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত হবে এবং দেশে কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসবে।কাঁকনহাট পৌরসভার আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি, জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় ওলামা মাশায়েখগণ। 

সমাবেশে বক্তারা রাজশাহী-১ আসনের উন্নয়নে অধ্যাপক মুজিবুর রহমানের অতীত অবদানের কথা স্মরণ করিয়ে দেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। নির্বাচনি প্রচারণার এই পর্যায়ে অধ্যাপক মুজিবুর রহমানের ‘ব্যালট যুদ্ধের’ ডাক স্থানীয় ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহের সৃষ্টি করেছে।