রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের রায় বাস্তবায়ন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না: অধ্যাপক মুজিব

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না: অধ্যাপক মুজিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, দেশে গণভোটের রায় বাস্তবায়ন হলে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। শুক্রবার (১৫ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষা শিবিরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি সতর্ক করে বলেন, জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।শিক্ষা শিবিরের এই অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি।

অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা নতুন করে স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন, তারা গণভোটের রায় মেনে নিতে পারছেন না। এদেশের ছাত্র-জনতা নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ দেবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 

জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে নিপীড়নের টর্নেডো গেছে, যা মোকাবেলা করেই দলটি আজ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ‍‍`ইলেকশন ইঞ্জিনিয়ারিং‍‍` করে জনগণের ভোট জালিয়াতি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ধরনের কৌশলী জালিয়াতি আগামী দিনেও হতে পারে বলে তিনি জনশক্তিকে সজাগ থাকার পরামর্শ দেন। জামায়াতকে নির্মূল করতে চেয়ে যারা কাজ করেছিল, তারাই আজ ইতিহাস থেকে নির্মূল হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি আশঙ্কা প্রকাশ করেন যে, জাতীয় নির্বাচনের মতো আগামী স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপি হতে পারে। তিনি সংগঠনের কর্মীদের প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের সব পেশাজীবীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন। জামায়াতে ইসলামীকে একটি মানবিক ও আদর্শিক সংগঠন হিসেবে তুলে ধরার জন্য দলমত নির্বিশেষে সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।