বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

রকিবুল হাসান মুন্না

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৬ পিএম

ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি ইন্তেকাল করেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন লড়াকু সৈনিক। আজীবন অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় যে ভূমিকা রেখেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপাচার্য এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ওসমান হাদির মতো আদর্শবান যুবকের নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এটি সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার এক জঘন্য অপচেষ্টা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্মৃতিচারণ করে ড. শওকাত আলী বলেন, গত ফেব্রুয়ারিতে বেরোবি’তে আয়োজিত শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ও চিন্তাশীল বক্তব্য আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়ের পথে অবিচল থাকতে সাহস জোগাবে।উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।