সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদি ও খালেদা জিয়ার স্মরণে ঢাবি শিক্ষার্থীদের রোজা ও মোনাজাত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৭:০০ পিএম

ওসমান হাদি ও খালেদা জিয়ার স্মরণে ঢাবি শিক্ষার্থীদের রোজা ও মোনাজাত

শহীদ ওসমান হাদি ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী রোজা, মোনাজাত ও স্মরণানুষ্ঠান পালন করেছেন ১০৪তম আবর্তনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ‘মোনাজাতে ইনসাফ’ কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়।নতুন বছরের শুরুতে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রোজা পালন করেন। দিনের কর্মসূচিতে ছিল:

বাদ জোহর: সম্মিলিত কোরআন খতম।

বিকেল ৩টা: নতুন বছরকে সামনে রেখে ‘সালাতুল হাজত’ নামাজ আদায়।

বাদ আসর: শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ও মাগফিরাত কামনায় দোয়া।

মাগরিব: টিএসসির সবুজ চত্বরে সম্মিলিত ইফতার ও বিশেষ মোনাজাত।

একই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা। তিনি শহীদ ওসমান হাদির স্মৃতি চারণ করে বলেন, “শহীদ ওসমান হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক লড়াইকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি বিশ্বাস করতেন, এই লড়াইয়ে অসংখ্য সংগঠন ও মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

জুমা আরও বলেন, শিল্প-সাহিত্যের নামে যদি অন্য দেশের তাবেদারি করা হয় কিংবা সংস্কৃতির আড়ালে ‘ইসলামফোবিয়া’ বা বাংলাদেশের কৃষ্টির ভুল ব্যাখ্যা দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতে হবে। তিনি সিনেমা বন্ধ করে নয়, বরং মানসম্মত সিনেমা নির্মাণের মাধ্যমেই বাংলাদেশের নিজস্ব সত্তাকে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান।শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে গান, নাচ বা ছবি আঁকার মাধ্যমে দেশের পরিচয় ফুটিয়ে তোলার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।