সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:৪০ এএম

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্থানীয়দের অতর্কিত হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঈশা খাঁ হলের চারজন এবং মওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী রয়েছেন।

হামলার শিকার হয়ে দুই শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন, যাদের একজনকে লোহার পাইপ দিয়ে আঘাত করায় মাথা ফেটে গেছে এবং অন্যজনের নাক ফেটে গেছে।

আহতরা হলেন ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের তানভীর এবং মওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়।

তাদের প্রথমে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। হল প্রাঙ্গণে কয়েকজন বহিরাগত প্রবেশ করলে চোর সন্দেহে শিক্ষার্থীরা তাদের আটক করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হলেও হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং বহিরাগতদের ছেড়ে দেওয়া হয়। এরই জের ধরে রাতে শিক্ষার্থীরা যখন শেষমোড় এলাকায় খাবার খেতে যান, তখন স্থানীয়রা তাদের বাধা দেয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং লোহার রড ও পাইপ দিয়ে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে হলের সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসেন এবং বিচার দাবি করেন।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, প্রতিদিনের মতোই তারা রাতের খাবার খেতে গিয়েছিলেন, কিন্তু পূর্বপরিকল্পিতভাবে তাদের পথ আটকে হামলা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানা থেকে পুলিশ ডাকা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। যারা শিক্ষার্থীদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর আইনগত ব্যবস্থার আওতায় আনার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।