জানুয়ারি ৪, ২০২৬, ০২:২৭ পিএম
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ক্যাম্পাস এলাকায় সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মূল ‘স্টুডেন্ট আইডি কার্ড’ অথবা জকসু নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত বিশেষ আইডি কার্ড বা পাস প্রদর্শন করতে হবে।
বৈধ পরিচয়পত্র ছাড়া কোনো বহিরাগত বা সংশ্লিষ্ট ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের দিন এবং এর আগের দুই দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা কর্মীদের কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৬ জানুয়ারি সকাল থেকে ব্যালট পেপারের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন