বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জকসু: ১১ কেন্দ্রের ফলে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১১:৫৩ এএম

জকসু: ১১ কেন্দ্রের ফলে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনের ফলাফল নিয়ে ক্যাম্পাসে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে।

 ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই আংশিক ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ১১টি কেন্দ্রের ফলাফলের যোগফল বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব মোট ১১৪২ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৩১ ভোট। অর্থাৎ, এই ১১টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের প্রার্থী রাকিব ১১১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বিভিন্ন অনুষদ ও বিভাগের ফলাফলে দেখা গেছে ভোটের চিত্র বেশ বিচিত্র। ফিন্যান্স বিভাগে ছাত্রদলের আধিপত্য দেখা গেলেও বিজ্ঞান অনুষদের বেশ কিছু বিভাগে ভালো অবস্থান ধরে রেখেছে ছাত্রশিবির।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা যায়, এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব ২৩১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন, যেখানে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১৩৮ ভোট। চারুকলা অনুষদের তিন বিভাগের সম্মিলিত ফলাফলেও ছাত্রদলের রাকিব ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন, বিপরীতে রিয়াজুল পেয়েছেন মাত্র ২১ ভোট। লোকপ্রশাসন বিভাগেও ছাত্রদলের রাকিব ১৩২ ভোট পেয়ে শিবিরের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের বেশ কিছু বিভাগে শিবিরের প্রার্থীরা ভালো ফলাফল করেছেন। ফার্মেসি বিভাগে শিবিরের রিয়াজুল ৭৮ ভোট এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেখানে শিবিরের রিয়াজুল ১০৬ ভোট এবং ছাত্রদলের রাকিব ৯৪ ভোট পেয়েছেন। এছাড়া ভূগোল ও পরিবেশবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং অনুজীব বিজ্ঞান বিভাগেও শিবিরের ভিপি প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ভিপি পদের পাশাপাশি জিএস এবং এজিএস পদেও লড়াই বেশ জমে উঠেছে। দর্শন বিভাগে ভিপি পদে ছাত্রদলের রাকিব এগিয়ে থাকলেও জিএস এবং এজিএস পদে শিবিরের প্রার্থীরা বেশি ভোট পেয়েছেন। ফিন্যান্স বিভাগে জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে জিএস ও এজিএস উভয় পদেই শিবিরের প্রার্থীরা নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছেন।