শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন, তবে মানতে হবে তিন শর্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:২১ পিএম

২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন, তবে মানতে হবে তিন শর্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন পূর্বঘোষিত ২০ জানুয়ারি আয়োজনের অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নির্বাচন অনুষ্ঠানের পেছনে প্রশাসন থেকে তিনটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা মানতে অস্বীকৃতি জানিয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম আন্দোলনরত শিক্ষার্থীদের এই সিদ্ধান্তের কথা জানান।

গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকলিপির মাধ্যমে সোমবার রাতে হঠাৎ শাকসু নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শাবিপ্রবি। মঙ্গলবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শাকসু মোদের অধিকার রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।বিকেলে প্রোভিসি ড. সাজেদুল করিম জানান, ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী ইসির সঙ্গে আলোচনা করেছেন এবং ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে প্রার্থীদের তিনটি বিষয়ে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে: ১. নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা (অকারেন্স) ঘটানো যাবে না। ২. আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না। ৩. এই ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

শিক্ষার্থীরা প্রশাসনের এই প্রস্তাবকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা জানান, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের। ছাত্ররা সব ধরনের সহায়তা করবে, কিন্তু এমন অযৌক্তিক অঙ্গীকারনামায় স্বাক্ষর করবে না।শর্ত নিয়ে এই দ্বিমতের কারণে ক্যাম্পাস এখনও থমথমে। শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং অবিলম্বে বিনা শর্তে নির্বাচনের চূড়ান্ত অফিসিয়াল ঘোষণা দাবি করেছেন।