মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

ইসিতে ছাত্রদলের বিক্ষোভের প্রতিবাদে শাবিতে শিক্ষার্থীদের মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩০ পিএম

ইসিতে ছাত্রদলের বিক্ষোভের প্রতিবাদে শাবিতে শিক্ষার্থীদের মিছিল

ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাবিপ্রবি ক্যাম্পাস। রোববার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ২০ জানুয়ারি নির্ধারিত তফসিলে শাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও একটি মহল ষড়যন্ত্র করে তা বন্ধ করার চেষ্টা করছে। মিছিলে শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’ এবং ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন যে কিছু সংগঠন মুখে নির্বাচনের কথা বললেও তাদের কেন্দ্রীয় নেতারা নির্বাচন বন্ধের দাবিতে বিক্ষোভ করছে যা স্পষ্ট দ্বিচারিতা। 

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন যে প্রশাসনের দুর্বলতার কারণেই বারবার শাকসু নির্বাচনে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি কোনো ধরনের বিশৃঙ্খলাকারী বা বিশেষ গোষ্ঠীর কাছে মাথা নত না করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে যথাসময়ে শাকসু নির্বাচন না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান ও আন্দোলন অব্যাহত রয়েছে।