সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৫ পিএম

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোটগ্রহণের কথা থাকলেও শিক্ষকদের একাংশের অসহযোগিতা এবং নির্বাচন কমিশনারদের গণপদত্যাগের খবরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। 

তালা দেওয়ার পর ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’—ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করতে থাকেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এর আগে সকালে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তারা বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শাকসু নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দেন। 

একই সঙ্গে তারা ইসিতে থাকা নির্দিষ্ট মতাদর্শের শিক্ষকদের পদত্যাগ দাবি করেন। এই সংবাদ সম্মেলনের পরপরই কমিশনের আটজন সদস্য পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে, যা নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ২৭ বছর পর হতে যাওয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করছে এবং শিক্ষকদের প্রভাবিত করছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্বাচন কমিশন বা প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দলের দায় সাধারণ শিক্ষার্থীরা নেবে না; তাদের দাবি একটাই—পূর্বঘোষিত তারিখেই ভোটগ্রহণ করতে হবে। বর্তমানে প্রশাসনিক ভবনের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে আছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।