সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০২:০২ পিএম

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু। গত সোমবার মধ্যরাতে জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। 

ছাত্র সংসদ নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন প্রক্রিয়ায় এক ধরণের বাধা প্রদানের ঘটনাকে তারা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে ছাত্র নেতারা বলেন যেখানে ১৯৬ জন প্রার্থী এবং হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় ছিল সেখানে মাত্র তিনজন আবেদনকারীর রিটের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের স্থগিতাদেশ প্রদান অত্যন্ত দুঃখজনক। 

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ঠিক আগমুহূর্তে আইনি জটিলতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাকসু নেতৃবৃন্দ মনে করেন ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সূতিকাগার আর এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা একধরনের স্বৈরাচারী আচরণ এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবিকে উপেক্ষা করার শামিল।জাকসুর ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো পুরোনো ফ্যাসিষ্ট কায়দায় শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া কাম্য হতে পারে না। 

যারা আইনি ফাঁকফোকর ব্যবহার করে বা কৃত্রিমভাবে কোনো অস্থিরতা তৈরি করে নির্বাচন বন্ধের পায়তারা করছে তারা মূলত সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে ভয় পায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাত দিয়ে শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করা অনভিপ্রেত এবং অগণতান্ত্রিক।

এ সময় জাকসু নেতৃবৃন্দ শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ওপর থেকে সব ধরনের আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দ্রুত দূর করার দাবি জানান। সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের এই নির্বাচন দ্রুততম সময়ে সম্পন্ন করে ক্যাম্পাসে সুস্থ ধারার নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে। শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে জাকসু সংহতি প্রকাশ করে দ্রুত সমাধান প্রত্যাশা করছে।