জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৩১ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের সব বাধা দূর হয়েছে। গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে প্রশ্নফাঁসের কোনো সত্যতা না পাওয়ায় অনতিবিলম্বে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল ।
এবং পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অধিদপ্তর জানিয়েছে যে জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে এবং বিভিন্ন সংস্থার সহায়তায় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অপরাধে সারা দেশে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে পরীক্ষার পর গত ১১ জানুয়ারি প্রশ্নফাঁসের অভিযোগ তুলে প্রায় দেড় শতাধিক ব্যক্তি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীদের সেই অভিযোগগুলো অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছিল।
তদন্ত শেষে গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে উত্থাপিত অভিযোগগুলোর কোনো ভিত্তি বা সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে কাজ শুরু করেছে অধিদপ্তর। ১৪ হাজার ৩৮৫ জন নতুন শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় জনবল সংকট অনেকাংশেই দূর হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন যে আগামী কয়েক দিনের মধ্যেই প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন