রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো রাবির ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা

রাকিবুল হাসান মুন্না

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২১ পিএম

বেরোবিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো রাবির ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা

ছবি-দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের অংশ হিসেবে রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বেরোবি কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, বেরোবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯০ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবকটি ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার খুবই আশাব্যঞ্জক।” পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মাজেদ চৌধুরী, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।