রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৩১ পিএম

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (admission.hstu.ac.bd) থেকে তাদের ‍‍`Application ID‍‍` ও ‍‍`Password‍‍` ব্যবহার করে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

ফলাফল পুনর্নিরীক্ষণ বা চ্যালেঞ্জ করার সুযোগও রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ১০০০ (এক হাজার) টাকা ফি জমা দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০। পরীক্ষায় ৩০ বা তার বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম (Subject Choice) পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই পছন্দক্রম পূরণ করা যাবে না। পছন্দক্রম পূরণে কোনো সমস্যায় পড়লে বিশ্ববিদ্যালয়ের হটলাইন নম্বরে (০১৭২৯২৬৬২৪৬, ০১৮২২০২৬২২২) যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।