মার্চ ২৪, ২০২৬, ১০:৫৯ এএম
ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই খুলছে না। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত ছুটি শেষে আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।
তবে রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের মাঝে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। বিশেষ করে ছুটির কারণে বার্ষিক সিলেবাস শেষ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা নিরসনে অতিরিক্ত ক্লাস নেওয়ার বিষয়টি বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে যে প্রাথমিক সিদ্ধান্তে ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার কথা ছিল। তবে শিক্ষকদের একাংশের দাবির মুখে পরবর্তীতে পুরো রমজান মাসই ছুটি ঘোষণা করা হয়।
এই দীর্ঘ বিরতির ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে একটি বড় ধরনের গ্যাপ বা শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী কয়েকদিনের মধ্যে বিস্তারিত রূপরেখা ঘোষণা করতে পারেন। মন্ত্রণালয় মনে করছে নিয়মিত ক্লাসের বাইরে বাড়তি সময় না দিলে নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হতে পারে।এর আগে মাদ্রাসার সাথে ছুটির বৈষম্য দূর করতে সাধারণ শিক্ষা ও প্রাথমিক স্তরের প্রতিষ্ঠানেও পুরো মাস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সময় মন্ত্রী জানিয়েছিলেন যে এই অতিরিক্ত ছুটি পরবর্তী সময়ে কোনোভাবে সমন্বয় করার বিকল্প ভাবনা তাদের রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতে অতিরিক্ত ক্লাসের সময়সূচি অথবা বার্ষিক ক্যালেন্ডারের কিছু পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আপাতত রবিবার থেকে নিয়মিত ক্লাস শুরু হলেও সিলেবাসের চাপ কমাতে সাপ্তাহিক ছুটির দিনে বা নির্ধারিত সময়ের বাইরে বাড়তি পাঠদানের বিষয়টিই নীতি নির্ধারকদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন