রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নতুন সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৮:০৫ পিএম

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নতুন সিদ্ধান্ত

১০ শনিবার স্কুল খোলা

রমজানের ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০টি শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য হলেও বিশেষ এই পরিস্থিতিতে এই নিয়ম সাময়িকভাবে শিথিল করা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদান কার্যক্রমে যে বিরতি পড়েছে, তা কাটিয়ে উঠতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

রমজানের ছুটি শেষ হওয়ার পর থেকে পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে নির্ধারিত শনিবারগুলোতে যথাযথভাবে ক্লাস পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য। প্রশাসনের এই নির্দেশনার ফলে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।