রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১২:৩৬ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের তিন পার্বত্য জেলা ব্যতীত বাকি সব জেলায় নির্ধারিত এই সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘোষিত রুটিন অনুযায়ী প্রথম দিন ১৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি এবং ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। 

প্রতিটি বিষয়ের জন্য আড়াই ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে এবং পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই তিন জেলায় আগামী ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় এই কার্যক্রম সম্পন্ন হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্ধারিত তারিখ ও নিয়ম অনুযায়ী সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।