মার্চ ২৭, ২০২৬, ০৩:৫৬ পিএম
দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের সি বা ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রটিতে মোট ৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ২ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এ কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৩.৬৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং দূরবর্তী এলাকায় যাতায়াতের ভোগান্তিও উল্লেখযোগ্য হারে কমেছে।
তিনি আরও উল্লেখ করেন যে পরীক্ষাটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছিল। পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্যের সাথে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পরিদর্শন দলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা উপস্থিত থেকে সার্বিক পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩ এপ্রিল বি বা মানবিক ইউনিট এবং ১০ এপ্রিল এ বা বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উভয় পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই সময়সূচিতে পরিচালিত হবে। ভর্তি সংক্রান্ত আসন বিন্যাস, ফলাফল এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য জিএসটি ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। বেরোবি কেন্দ্রে ভর্তি পরীক্ষার প্রথম দিনটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন