মার্চ ২৮, ২০২৬, ১০:৪১ এএম
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ বিরতি কাটিয়ে আগামীকাল রোববার থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ছুটির পর শিক্ষার্থীরা আবারও তাদের প্রিয় শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের কলেজগুলোতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ছুটি শুরু হয়েছিল। এই ছুটি চলে ২৫ মার্চ পর্যন্ত।
পরবর্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় এই বিরতি আরও দীর্ঘায়িত হয়। ফলে ২৯ মার্চ থেকে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফিরছে। একইভাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ৩৬ দিনের দীর্ঘ ছুটি ছিল, যা এখন শেষ পর্যায়ে।
অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হলেও রোববার থেকে সব স্তরের প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি যেন তৈরি না হয়, সে লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, স্কুল খোলার পর টানা ১০টি শনিবারও নিয়মিত ক্লাস নেওয়া হবে। এই অতিরিক্ত ক্লাসের মাধ্যমে নির্ধারিত পাঠসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ার সংবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়া এবং প্রাতিষ্ঠানিক পরিবেশে ফেরার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সব স্কুল-কলেজে সঠিক সময়ে পাঠদান শুরু করার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন