এপ্রিল ২৬, ২০২৬, ১০:১৮ এএম
চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংবাদটিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অননুমোদিত কিছু নিউজ পোর্টালে এই সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সারাদেশে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বা তার আগে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে পরীক্ষা শেষ হওয়ার একদিন পর অত্যন্ত রহস্যজনকভাবে প্রশ্ন ফাঁস সম্পর্কিত তথ্যটি ছড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া আর কিছুই নয়।
প্রকৃতপক্ষে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই একটি বিশেষ মহল এই ধরনের বানোয়াট সংবাদ প্রচার করছে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অপপ্রচারের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দপ্তরের কোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা নেই। জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে যে, এ ধরনের গুজবের ওপর ভিত্তি করে কারো সাথে কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না।
সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন