রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে রেকর্ড ৪৯ পরীক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৭:০২ পিএম

এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে রেকর্ড ৪৯ পরীক্ষার্থী বহিষ্কার

এসএসসি পরীক্ষার ফাইল ছবি

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা আগের তিন পরীক্ষার চেয়ে আরও বেড়েছে। মঙ্গলবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি ২৪ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি ৭ জন। এছাড়া বরিশাল বোর্ডে ৬ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ জন, যশোর ও সিলেটে ২ জন করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কার করা হয়েছে ১ জনকে। তবে এদিন কোনো শিক্ষক বহিষ্কৃত হননি।পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে। দ্বিতীয় দিনে ১৯ জন এবং তৃতীয় দিনে ৩৯ জন বহিষ্কৃত হয়েছিলেন। সর্বশেষ চতুর্থ দিনে এই সংখ্যা সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছেছে।অন্যদিকে এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৩৯২ জন। আগের পরীক্ষায় এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৫৪ জন। 

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের ১২ লাখ ১০ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছিলেন ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন। এখানে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন।মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭৩২ জন। এই বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১৩ হাজার ১৪৪ জন। কারিগরি বোর্ডে এক লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন এক লাখ ১১ হাজার ২৮৭ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন পরীক্ষার্থী।