রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১ ছাত্র বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৬:০৩ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১ ছাত্র বহিষ্কার

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 

অভিযুক্তদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।এই বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টায় শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে শহীদ নূর হোসেন হলের ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা হলের নামাজ ঘরসহ আসবাবপত্র, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। 

এই হামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন।ঘটনার পর সিসিটিভি ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা ভঙ্গ এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করায় বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী তাদের অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করা হয়। ঘটনার পর থেকে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।