সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের নতুন সময় জানাল অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:৩১ এএম

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের নতুন সময় জানাল অধিদপ্তর

ঈদুল আজহার আগেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের গুঞ্জন থাকলেও আরও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছেন, ফলাফল প্রস্তুত ও নিখুঁত তথ্য যাচাইয়ের জন্য আরও অন্তত দশ দিন সময় লাগতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৫ জুনের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য যাচাইয়ে বাড়তি সময় লাগছে।আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য আইটি টিম দিনরাত কাজ করছে। 

এ বছর সারা দেশে সাড়ে ছয় লাখ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই গ্রেডে টাকা দেওয়া হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার শিক্ষার্থী এবং কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। বৃত্তির হার ছেলে ও মেয়েদের জন্য সমান অর্থাৎ ৫০ শতাংশ হারে রাখা হয়েছে। ট্যালেন্টপুলে নির্বাচিতরা মাসে ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসে ২২৫ থেকে ২৫০ টাকা আর্থিক সহায়তা পাবে। এই সুবিধা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বহাল থাকবে।

ফলাফল প্রকাশের পর অভিভাবকদের জন্য তা জানার প্রক্রিয়া সহজ করা হয়েছে।অনলাইনে আইপিইএমআইএস পোর্টাল বা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রোল নম্বর দিয়ে সহজেই ফল দেখা যাবে। সেখানে জেলা ও উপজেলাভিত্তিক পিডিএফ তালিকাও পাওয়া যাবে। সার্ভার জটিলতা থাকলে বা ইন্টারনেট না থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।