জুন ৮, ২০২৬, ০৩:১০ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ও ১৬ জুন জেলার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হবে।সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব না দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ত্রুটির দায় বোর্ড বহন করবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। অন্যদিকে, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৬ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন