সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভুল প্রশ্নে পরীক্ষা সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তা অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১১:১৫ পিএম

ভুল প্রশ্নে পরীক্ষা সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তা অব্যাহতি

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৫ সালের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সব শিক্ষক ও কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর ময়মনসিংহ শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান।ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর জানিয়েছেন, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে পৌঁছেছেন এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরই বর্তায়।

এর আগে নরসিংদীর দুটি পরীক্ষা কেন্দ্রেও এইচএসসি পরীক্ষার ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে থাকা ছয় শিক্ষককে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্র সচিবের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষায় মনোহরদী ও সদর উপজেলার কেন্দ্রগুলোতে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় নতুন সিলেবাসের পরিবর্তে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে শতাধিক পরীক্ষার্থী বিভ্রান্তির মুখে পড়েন। কেন্দ্রগুলোতে এমন অসংগতি পরিলক্ষিত হওয়ার পর শিক্ষা বিভাগ তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।