জুলাই ১৯, ২০২৬, ০৫:৫০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে প্রবেশের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
অতীতে খেলা প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছিল, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করেছিল।শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের খেলা চলাকালীন ক্যাম্পাসে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন