রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জবিতে ছাত্রদলের হামলায় আহত জকসু ভিপিসহ অনেকে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৩:২৬ পিএম

জবিতে ছাত্রদলের হামলায় আহত জকসু ভিপিসহ অনেকে

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসুর বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের বাধা এবং প্ল্যাকার্ড কেড়ে নেওয়ার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরাণীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের বাস্তবায়ন এবং চিকিৎসাসেবা উন্নয়নের মতো যৌক্তিক দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতে চেয়েছিলেন জকসু প্রতিনিধিরা। কিন্তু মিলনায়তনে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং তাদের প্ল্যাকার্ডগুলো ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

এই হামলায় জকসু সহসভাপতি বা ভিপি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিলনায়তনের দরজায় ছাত্রদল নেতার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা এক শিক্ষককে ধাক্কা দেওয়া হচ্ছে।

জকসু নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ উপায়ে শিক্ষার্থীদের দাবি তুলে ধরার কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। জিএস আব্দুল আলিম আরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মিলনায়তনের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন আহত শিক্ষার্থীরা।