বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৭:১৯ পিএম

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময়সূচি ও জরুরি নির্দেশনা প্রকাশ

চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত নির্দেশনাবলী প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী আটই ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে পনেরোই ডিসেম্বর। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চার দিনে মোট ছয়টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন গ্রহণ করা হবে। মোট চার দিনে শিক্ষার্থীদের এই ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের সময়সূচি বিশ্লেষণ করে দেখা যায় যে আগামী আটই ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে দশই ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, তেরোই ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং সমাপনী দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি পত্রদ্বয়ের পূর্ণমান থাকবে একশো নম্বর এবং প্রতিটি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে আড়াই ঘণ্টা। 

অন্যদিকে বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়গুলোর পরীক্ষা একই দিনে আলাদা বিষয় কোড ও পৃথক উত্তরপত্রে অনুষ্ঠিত হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও বিশ মিনিট সময় পাবে বলে নীতিমালায় জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ত্রিশ মিনিট পূর্বে নির্ধারিত আসনে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 

ওএমআর শিটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে পূরণ করতে হবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ঘড়ি কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।