সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৩:৪০ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীনবরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গবেষণায় বরাদ্দের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে দেখছে না মঞ্জুরি কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই মন্তব্য করেন। তিনি জানান, উচ্চশিক্ষায় অর্থায়ন ও তহবিল প্রদানের ক্ষেত্রে ইউজিসি কেবল মেধাকেই প্রাধান্য দিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার এরই মধ্যে ৫ শতাংশ কমিয়েছে এবং এটি আরও কমানোর চেষ্টা চলছে বলে তিনি নবীন শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্পন্ন উচ্চশিক্ষা দেওয়ার যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, তা প্রতিষ্ঠার ৩০ বছরে এসে অনেকাংশেই বাস্তবায়িত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান জানান, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
আলোচনা পর্ব শেষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস এবং দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন